ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ম্যাক্রোঁর বক্তব্যে অসংগতি রয়েছে উল্লেখ করে তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি ২০১৮ সালে মার্কিন কংগ্রেসে ম্যাক্রোঁর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টানেন। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার আগে ম্যাক্রোঁ বলেছিলেন, ‘ফ্রান্স জেসিপিওএ (JCPOA) ছাড়বে না, কারণ আমরা এতে স্বাক্ষর করেছি।’
জেসিপিওএ হলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি। এই চুক্তির আওতায় ইরানের পরমাণু কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা ছিল।
আরাঘচির অভিযোগ, বর্তমানে ম্যাক্রোঁ দাবি করছেন, তিনি সব সময়ই ইরানে ‘যেকোনো ধরনের পরমাণু কার্যক্রমের’ বিরোধিতা করে এসেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই বক্তব্য ২০১৮ সালে ম্যাক্রোঁর প্রকাশ্য অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ম্যাক্রোঁর অবস্থানের এই পরিবর্তনকে সামনে এনে আরাঘচি তাঁকে নিজের বক্তব্যে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এক্সে তিনি বলেন, ‘আপনার বক্তব্যটা আগে ঠিক করুন।’
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের বিরোধ দীর্ঘদিনের। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক প্রয়োজনে পরিচালিত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)
ইরানের সঙ্গে যুদ্ধে ১০ ধরণের ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৫১২ হুথি যোদ্ধা নিহত
খতিয়ানে জমির দাগ নম্বর নেই? কোথায় যাবেন, কীভাবে সংশোধন করবেন