ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫৫ জন। এ ঘটনায় দেশটির পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। খবর: এএফপি’র।
নিহত ব্যক্তিদের স্মরণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
রোববার (১৬ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে কোচানির পালস ক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে দেশটির জনপ্রিয় হিপ-হপ জুটি ডিএনকের একটি কনসার্টের জন্য প্রায় ৫০০ জন লোক জড়ো হয়েছিল।
আগুনে ব্যান্ডের মাত্র একজন সদস্য বেঁচে আছেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উত্তর মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পান্সে তস্কোভস্কি জানান, এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্লাবমালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোকানি হাসপাতালের প্রধান ক্রিস্টিনা সেরাফিমোভস্কা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসাধীন বেশিরভাগ রোগীর বয়স ১৪-২৫ বছর। রোগীদের মধ্যে ৭০ জন দগ্ধ এবং বাকিরা কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।
গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ইউরোপের বেশ কয়েকটি দেশের শীর্ষস্থানীয় হাসপাতালে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে কনসার্টকে চমকপ্রদ করতে মঞ্চের আশেপাশে যে আগুনের ফুলকি ছড়ানো হয় সেই পায়রোটেকনিক ডিভাইসের সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই স্ফুলিঙ্গ ওপরে উঠে ছাদে আগুন লেগে যায় এবং ছাদটি অত্যন্ত দাহ্য উপাদানে তৈরি ছিল বলে দ্রুত ছড়িয়ে পড়ে।

