পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত পাওয়া তথ্যমতে, হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। রক্তক্ষয়ী এই হামলার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের প্রস্তুতির সময় মসজিদে প্রচুর মানুষের সমাগম ছিল। ঠিক সেই মুহূর্তে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। হামলায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ১৬৯ জনের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ঘটনার রহস্য উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলার পর ইসলামাবাদ ও তার আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা (High Alert) জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইসলামিক স্টেট তাদের প্রচারমাধ্যমে জানিয়েছে, তাদের এক আত্মঘাতী সদস্য এই বিস্ফোরণটি ঘটিয়েছে। এই হামলার পর পাকিস্তানে আবারও নতুন করে জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূত্র: দ্যা ডন।
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, নিহত বেড়ে ৩১
