বেকায়দায় পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদে এক কূটনৈতিক অনুষ্ঠানে পা পিছলে পড়ে গিয়ে কাঁধে হালকা চোট পেয়েছেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা পরে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ হিসেবে শনাক্ত হয়।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আঘাত পাওয়ার পরও ইসহাক দার ব্যথানাশক ওষুধ নিয়ে সারাদিন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ চালিয়ে যান। রাতের দিকে পরিবারের চাপে শারীরিক পরীক্ষা করানো হলে এক্স-রে রিপোর্টে কাঁধে সামান্য ফাটল ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী কয়েক দিন তাকে বিশ্রামে থেকে ওষুধের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ করতে হবে। তবে চোটের মধ্যেও দায়িত্ব পালনে তার সক্রিয়তা কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনা ঘটে এমন এক সময়, যখন ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশেষ করে ইরান ও মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে অংশ নিয়ে ইসহাক দার জানান, চার দেশের মন্ত্রীরা যুদ্ধের ‘বিধ্বংসী প্রভাব’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই সংঘাত কোনো পক্ষের জন্যই সুফল বয়ে আনবে না; বরং এটি কেবল ধ্বংস ও মানবিক বিপর্যয় ডেকে আনছে।

বৈঠকে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর সংলাপের পরিবেশ তৈরির প্রচেষ্টাকে সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়। সূত্র: দ্য ডন

AS/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত