দিল্লির জবাবে হামলা হবে কলকাতায়: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যেকার বাকযুদ্ধ ও সামরিক উত্তেজনা এবার এক নতুন মাত্রা নিয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া সতর্কবার্তার পর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় হামলার হুমকি দিয়েছেন।

সম্প্রতি এক জনসভায় খাজা আসিফ বলেন, ‘ভারত যদি আবারও কোনো ‘ফলস ফ্ল্যাগ’ (সাজানো) অভিযান চালানোর চেষ্টা করে, তবে আল্লাহ চাইলে আমরা সেই লড়াইয়ের জবাব কলকাতা পর্যন্ত নিয়ে যাব।’

এই উত্তেজনার মূলে রয়েছে ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগামে হওয়া একটি বড় ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা। ওই হামলায় ভারতের ২৬ জন জওয়ান নিহত হয়েছিলেন। সেই হামলার প্রথম বার্ষিকীর আগে দুই দেশের সীমান্ত ও রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ভারত হয়তো পুনরায় কোনো সাজানো অভিযানের পরিকল্পনা করছে এবং এর দায় পাকিস্তানের ওপর চাপাতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ধারণা অবাস্তব হলেও, পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষায় দ্রুত ও দৃঢ় জবাব দিতে প্রস্তুত।’

এর আগে কেরালার এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘পাকিস্তান যদি কোনো ধরণের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে আমাদের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা তারা কখনো ভুলবে না। বর্তমান পরিস্থিতিতে যেকোনো উসকানিমূলক কাজের কঠোর জবাব দেওয়া হবে।’

রাজনাথ সিং গত বছরের ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ টেনে দাবি করেন, পাহেলগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনী মাত্র ২২ মিনিটের এক ঝটিকা অভিযানে পাকিস্তানের ভেতরে ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। তিনি স্পষ্টভাবে বলেন, ‘অভিযান এখনো শেষ হয়নি।’

২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক মধ্যস্থতায় দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও বর্তমান এই হুমকি-পাল্টাহুমকি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে আবারও ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষ করে খাজা আসিফের বক্তব্যে ‘কলকাতা’র নাম উঠে আসায় কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্র: এনডিটিভি

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত