ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) আলোচনায় বসবে দুই দেশের প্রতিনিধিদল যেখানে মধ্যস্ততাকারীর ভূমিকায় থাকছে পাকিস্তান। এ নিয়ে 'পাকিস্তানের জন্য আজ একটি গৌরবময় মুহূর্ত', এমন মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, খুব কম মানুষই কল্পনা করেছিলেন যে পাকিস্তান বৈশ্বিক মঞ্চে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে।
তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে দেশটি যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় হয়ে উঠেছে, তা পাকিস্তানের অবস্থান ও মর্যাদা নতুনভাবে তুলে ধরছে। তিনি এটিকে দেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
মরিয়ম নওয়াজ বলেন, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালের নেতৃত্ব এই অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মর্যাদা ও আত্মবিশ্বাস পুনরুদ্ধার হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও যোগ করেন, এই নেতৃত্ব পাকিস্তানের জনগণের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। তার মতে, বর্তমান অর্জন দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে ইতোমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাক্ষাৎ হয়েছে। ইরানের প্রতিনিধি দলও প্রস্তুত, সেখানে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও দেশটির পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ। সূত্র: আলজাজিরা
ইসলামাবাদে সেনাপ্রধানের পোশাকেই কি বিশেষ বার্তা
ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দেবে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
