আবারও ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করলো পাকিস্তান

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্তের এক বছর পূর্ণ হতে চলল। তবে বৈরি সম্পর্কের কোনো উন্নতি না হওয়ায় এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে ইসলামাবাদ। নতুন এক ‘নোটিস টু এয়ারমেন’ (NOTAM)-এর মাধ্যমে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভারতের সব ধরণের নিবন্ধিত, বাণিজ্যিক, সামরিক ও লিজ নেওয়া উড়োজাহাজ আগামী ২৪ মে ২০২৬ ভোর ৫টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ২০২৫ সালের ২৪ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই অচলাবস্থার কারণে ভারতীয় বিমান সংস্থাগুলো ইতোমধ্যেই কয়েক বিলিয়ন রুপির আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং দীর্ঘদিনের ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করার ঘোষণা দেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ২৪ এপ্রিল ভারতীয় এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান। পরবর্তীতে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজের আকাশসীমা রুদ্ধ করে।

ঘটনাপ্রবাহে ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে প্রত্যক্ষ সামরিক সংঘাত শুরু হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী, ভারতের ‘উসকানিবিহীন’ হামলার জবাবে তারা ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ পরিচালনা করে। এই অভিযানে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তারা ভারতের তিনটি রাফালসহ সাতটি যুদ্ধবিমান এবং বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টার সেই তীব্র উত্তেজনা শেষে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

আকাশসীমা বন্ধ থাকায় ভারতের বিমান চলাচল খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ফ্লাইটের জন্য দীর্ঘ পথ ঘুরে যাওয়ায় জ্বালানি খরচ ও সময়- উভয়ই বেড়েছে। পাকিস্তানের ওপর এর প্রভাব ভারতের তুলনায় অনেক কম। এর আগেও ১৯৯৯ সালে কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালে পুলওয়ামা সংকটের সময় পাকিস্তান একইভাবে আকাশসীমা বন্ধ করেছিল। সূত্র: জিও নিউজ

FJ
আরও পড়ুন