নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে আকাশ থেকে নিক্ষেপণযোগ্য অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী।
মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রটি ‘লাইভ ফায়ারিং’ বা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করার পরীক্ষায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। আকাশ থেকে ছোঁড়ার পর এটি অত্যন্ত নির্ভুলভাবে তার নির্ধারিত লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এটি মূলত পাকিস্তান নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত শক্তির একটি জোরালো বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তৈমুর’ ক্ষেপণাস্ত্রটি দূরপাল্লার সামুদ্রিক হুমকি শনাক্ত করা এবং তা কার্যকরভাবে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীকে কয়েক গুণ বেশি শক্তিশালী করবে। এই পরীক্ষাটি পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতাকে একটি গুরুত্বপূর্ণ উচ্চতায় নিয়ে গেছে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন।
উল্লেখ্য, পাকিস্তান গত কয়েক মাস ধরেই তাদের নৌ ও বিমান বাহিনীর শক্তিমত্তা বৃদ্ধিতে একের পর এক আধুনিক মারণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এর আগে গত ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী তাদের তৈরি একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল। এছাড়া গত জানুয়ারি মাসে উত্তর আরব সাগরে বিশাল সামরিক মহড়ার সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য (Surface-to-Air) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ইসলামাবাদ।
আবারও ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করলো পাকিস্তান
ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান