পাকিস্তানের খাইবারে যৌথ অভিযান, ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ২২ সদস্য নিহত 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) খাইবার জেলায় ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ অবস্থান লক্ষ্য করে একটি গোয়েন্দাভিত্তিক যৌথ অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ২২ জন ‘ভারত-সমর্থিত সশস্ত্র সদস্য’ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এই যৌথ অভিযান পরিচালনা করে। তথাকথিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় ‘সন্ত্রাসীরা’ আতঙ্কে নির্বিচারে গুলি চালায় এবং গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে। এতে এক নিরীহ ১০ বছর বয়সী শিশু নিহত হয়। আইএসপিআর আরও জানায়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে তারা। পাক সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র সদস্যরা ওই এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

এছাড়া এলাকাটিতে অন্য কোনো ‘ভারত-সমর্থিত সশস্ত্র সদস্যের’ উপস্থিতি রয়েছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। আইএসপিআর জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে তাদের চলমান সন্ত্রাসবিরোধী কার্যক্রম পূর্ণ গতিতে চলতে থাকবে।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে আন্তঃসীমান্ত সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। এই দুই প্রদেশের সঙ্গেই সীমান্ত রয়েছে আফগানিস্তানের। সূত্র: জিও নিউজ

FJ
আরও পড়ুন