পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

মমতার ২২৬ আসন জয়ের দাবি, সমীক্ষায় পাল্লা ভারী বিজেপির

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার (Exit Poll) ফলাফলকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি অর্থের বিনিময়ে এবং সংবাদমাধ্যমকে চাপ দিয়ে এসব সমীক্ষা নিজেদের পক্ষে সাজিয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন, তৃণমূল কংগ্রেস এবার রাজ্যে রেকর্ড গড়ে ২২৬টিরও বেশি আসনে জয়ী হবে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে দুই দফায় (২৩ ও ২৯ এপ্রিল) ভোটগ্রহণ শেষে বিভিন্ন সংস্থা তাদের বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছে। অধিকাংশ সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘বিজেপির চক্রান্ত’ হিসেবে অভিহিত করেছেন। 

তিনি বলেন, ‘টাকা দিয়ে ওটা দেখাতে বলা হয়েছে। জোর করে সংবাদমাধ্যমকে দিয়ে করানো হয়েছে। আমার জনগণের ওপর পূর্ণ ভরসা আছে, আমরা ২৩০টি আসনও পেয়ে যেতে পারি।’

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে তৃণমূল কর্মীদের ওপর ‘নির্যাতন’ চালানো হয়েছে। তিনি দলীয় নেতা-কর্মীদের গণনার দিন শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকার এবং গণনাকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেন।

বিভিন্ন সংস্থার জরিপে মূলত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে পাল্লা বিজেপির দিকেই বেশি:
চাণক্য স্ট্র্যাটেজিস: বিজেপি ১৫০-১৬০, তৃণমূল ১৩০-১৪০।
পি-মার্ক: বিজেপি ১৫০-১৭৫, তৃণমূল ১১৮-১৩৮।
ম্যাট্রাইজ: বিজেপি ১৪৬-১৬১, তৃণমূল ১২৫-১৪০।
পিপলস পালস (ভিন্নমত): তৃণমূল ১৭৮-১৮৭, বিজেপি ৯৫-১১০।

অন্যদিকে, সমীক্ষার ফলে উচ্ছ্বসিত বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর গতিশীল নেতৃত্বে পশ্চিমবঙ্গের লাখ লাখ কর্মীর কঠোর পরিশ্রমের ফল আমরা পেতে যাচ্ছি। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো বিজেপি এককভাবে ক্ষমতায় আসবে।’

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিশ্লেষণ চলছে। ভোটদাতাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শেষ পর্যন্ত মমতার ‘মা-মাটি-মানুষ’-এর সরকারকে ক্ষমতায় রাখে, নাকি ‘সোনার বাংলা’র স্লোগান দিয়ে বিজেপি ইতিহাস গড়ে-তা জানতে এখন অপেক্ষা কেবল ফলাফল ঘোষণার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত