পর্যটক সেজে সাইবার প্রতারণা: শ্রীলঙ্কায় ৩৭ চীনা নাগরিক গ্রেপ্তার

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি বড় ধরণের সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। পর্যটক ভিসায় এসে অবৈধভাবে অনলাইন জালিয়াতি কেন্দ্র পরিচালনার অভিযোগে ৩৭ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (৩ মে) এক বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে লঙ্কান পুলিশ।

পুলিশের মুখপাত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলম্বোর তালাঙ্গামা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের বিশেষ দল। গ্রেপ্তারকৃতদের বয়স ২৩ থেকে ৪৪ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা আন্তর্জাতিক গ্রাহকদের লক্ষ্য করে বিভিন্ন ধরণের অনলাইন জালিয়াতি চালিয়ে আসছিলেন।

ঘটনাস্থল থেকে অপরাধে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে: ৩৫টি ট্যাবলেট কম্পিউটার, ১৪৭টি উন্নতমানের মোবাইল ফোন, ১০০টি স্থানীয় ও আন্তর্জাতিক সিম কার্ড।

তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা সবাই পর্যটক ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন। কিন্তু নিয়ম লঙ্ঘন করে তাঁরা সেখানে বাণিজ্যিক জালিয়াতি কেন্দ্রে কাজ করছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত দুইজনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।

শ্রীলঙ্কায় সাম্প্রতিক সময়ে চীনা ও ভারতীয় নাগরিকদের জালিয়াতি চক্রে জড়িয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত মাসেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি হোটেল থেকে ১৫২ জন বিদেশিকে আটক করা হয়েছিল, যাদের অধিকাংশ ছিলেন চীনা। তার আগে মার্চ মাসে আরও ১৩৫ জন চীনা নাগরিককে একই অপরাধে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

২০২৪ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, শ্রীলঙ্কায় সাইবার অপরাধের অভিযোগে মোট ২৩০ জন চীনা এবং ২০০ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।

শ্রীলঙ্কায় নিযুক্ত চীনা দূতাবাস জানিয়েছে, দ্বীপরাষ্ট্রটির উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা, ভৌগোলিক অবস্থান এবং বিদেশি পর্যটকদের জন্য তুলনামূলক সহজ ও শিথিল ভিসা নীতির সুযোগ নিয়ে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্রগুলো সেখানে আস্তানা গাড়ছে। সূত্র: এএফপি

FJ
আরও পড়ুন