স্কুলের খাবারে মরা সাপ! শতাধিক শিক্ষার্থী হাসপাতালে

আপডেট : ০৮ মে ২০২৬, ০৬:০৩ পিএম

স্কুলের দুপুরের খাবারে (মিড-ডে মিল) মিলল মরা সাপের বাচ্চা! আর সেই খাবার খেয়ে অন্তত শতাধিক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ভারতের বিহার রাজ্যের সাহারসা জেলার মহিষী ব্লকের একটি সরকারি স্কুলে বৃহস্পতিবার (৭ মে) এই  ঘটনাটি ঘটেছে। 

প্রতিবেদনে বলা হয়, একটি এনজিওর সরবরাহ করা খাবার প্রতিদিনের মতো শিক্ষার্থীদের পরিবেশন করা হচ্ছিল। খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর থালায় হঠাৎ একটি মরা সাপের বাচ্চা দেখা যায়। এই খবর মুহূর্তের মধ্যে পুরো স্কুলে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অনেক শিশু পেটে ব্যথা, বমি ও মাথা ঘোরানোর অভিযোগ করতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ দ্রুত পুলিশ ও স্বাস্থ্য বিভাগে খবর দেয়।

অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় অনেককে সাহারসা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে শতাধিক শিশু সেখানে চিকিৎসাধীন রয়েছে। আতঙ্কে অনেক শিশু জ্ঞান হারিয়ে ফেলেছিল বলেও জানা গেছে।

খবর পেয়ে উত্তেজিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুলে চড়াও হন। কয়েকজন অভিভাবক দাবি করেন, তারা স্কুল অফিসের একটি প্লেটের ওপর বড় আকৃতির একটি বিষধর সাপ পড়ে থাকতে দেখেছেন। স্থানীয়দের ধারণা, এটি অত্যন্ত বিষধর ‘তেলিয়া’ প্রজাতির সাপ ছিল। এই বীভৎস দৃশ্য দেখে অনেক শিক্ষার্থী ও অভিভাবক শিউরে ওঠেন।

এই নজিরবিহীন ঘটনায় জেলা প্রশাসন উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। যে এনজিওর রান্নাঘর থেকে এই খাবার সরবরাহ করা হয়েছিল, সেখানে পুলিশি অভিযান চালানো হয়েছে। খাবারের মান নিয়ে চরম অবহেলার দায়ে সংশ্লিষ্ট এনজিওর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা। সূত্র: এনডিটিভি।

FJ
আরও পড়ুন