‘ভারত দুঃসাহসিকতা দেখালে দিল্লির মানচিত্র বদলে দেবে পাকিস্তান’

আপডেট : ১৯ মে ২০২৬, ০৪:১১ পিএম

ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের সামরিক দুঃসাহসিকতা দেখায়, তবে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, এমন পদক্ষেপে ভারত চিরতরে ‘ইতিহাসের অংশে’ পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।

সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’-এ অংশ নিয়ে খাজা আসিফ এসব মন্তব্য করেন। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খাজা আসিফ দাবি করেন, ভারতের সাম্প্রতিক সামরিক তৎপরতার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে একটি বড় ধরনের পাল্টা অভিযান চালিয়েছে। তার ভাষ্যমতে, এই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে এবং অন্তত আটটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে অত্যাধুনিক ‘রাফাল’ বিমানও ছিল। এছাড়া বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে পাকিস্তানের এই বিশাল সামরিক সাফল্যের দাবি এখন পর্যন্ত স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থা বা তৃতীয় পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রায় ৮৭ ঘণ্টার তীব্র সামরিক সংঘাতের পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিনি আরও বলেন, এই সংঘাতের ফলে ভারত আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে অত্যন্ত ‘বিব্রতকর’ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

খাজা আসিফের মতে, দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য খর্ব হচ্ছে। তিনি দাবি করেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের আগের সেই প্রভাবশালী সম্পর্ক এখন বেশ দুর্বল। বিপরীতে পাকিস্তান এই অঞ্চলে নিজের জন্য একটি ‘সম্মানজনক অবস্থান’ তৈরি করতে সক্ষম হয়েছে। আলাপকালে তিনি ভারত ও ইসরায়েলের ক্রমবর্ধমান সম্পর্কের কঠোর সমালোচনা করে বলেন, এই দুই দেশের কৌশলগত লক্ষ্য ও স্বার্থের মধ্যে অশুভ মিল রয়েছে।

FJ
আরও পড়ুন