আজাদ কাশ্মীরে বিক্ষোভে নিহত ২৪

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম

অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের আজাদ কাশ্মির অঞ্চল। টানা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিক্ষোভের সূচনা হয় গত ৫ জুন, যখন স্থানীয় রাজনৈতিক জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বিধানসভায় সংরক্ষিত আসন বাতিল, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। পরে ৯ জুন ডাকা হরতাল থেকেই পরিস্থিতি দ্রুত সহিংসতায় রূপ নেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত প্রায় দুই সপ্তাহের সংঘর্ষে নিহতের পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শত শত মানুষকে আটক করা হয়েছে।

অন্যদিকে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ইট-পাটকেল ও সংঘর্ষে কয়েক ডজন পুলিশ সদস্য নিহত হওয়ার দাবি করেছে স্থানীয় প্রশাসন।

আজাদ কাশ্মির পুলিশের বরাতে জানা যায়, সবচেয়ে বেশি উত্তেজনা এখন রাওয়ালকোট শহরে, যা মুজাফফরাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করা হয়েছে এবং একাধিক এলাকায় ইন্টারনেট ও গণমাধ্যম কার্যক্রম সীমিত করা হয়েছে।

কারফিউ ও সংঘর্ষের কারণে কার্যত অচল হয়ে পড়েছে পুরো অঞ্চল। খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, বাজার ও দোকানপাট বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। সূত্র: এএফপি, স্কাই নিউজ।

AS
আরও পড়ুন