মুম্বাইয়ে মেয়রের সামনেই ম্যানহোলে পড়লেন ব্যক্তি

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:০৬ পিএম

ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বাইতে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিব্রতকর এক ঘটনার মুখোমুখি হয়েছেন শহরের মেয়র ঋতু তাওড়ে। জলাবদ্ধ একটি সড়ক পরিদর্শনের সময় তার সামনেই খোলা ম্যানহোলে পড়ে যান এক ব্যক্তি। ঘটনাটি প্রত্যক্ষ করার পর ক্ষোভে ফেটে পড়েন মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দেন।

ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মঙ্গলবার (২৩ জুন) মুম্বাইয়ে প্রবেশ করার পর থেকেই টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।

বুধবার (২৪ জুন) সকালে ঋতু তাওড়ে দাদার, হিন্দমাতা ও গান্ধী মার্কেটসহ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় একটি খোলা ম্যানহোলে পড়ে যান এক ব্যক্তি। পরে জানা যায়, তিনি বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন-এর সঙ্গে যুক্ত একজন পরিচ্ছন্নতাকর্মী।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভর্ৎসনা করে মেয়র ঘোষণা দেন, কোথাও খোলা ম্যানহোল পাওয়া গেলে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে চাকরিচ্যুতও করা হতে পারে।

তবে ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, নর্দমায় জমে থাকা বর্জ্য পরিষ্কারের কাজ চলায় ম্যানহোলের ঢাকনা সাময়িকভাবে সরানো হয়েছিল। তার দাবি, সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড ও ব্যারিকেডও বসানো ছিল।

মেয়র বলেন, ‘শুধু প্রশাসনের নয়, নাগরিকদেরও সতর্ক থাকতে হবে। সতর্কবার্তা দেওয়া থাকলে সেগুলো খেয়াল করা জরুরি।’

এদিকে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত সরিয়ে নিতে বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি নর্দমা পরিষ্কারের কাজও জোরদার করা হয়েছে। সূত্র: এনডিটিভি

AS
আরও পড়ুন