দিল্লির জন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন, ইন্টারনেট বন্ধ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তর। আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ দমনে কেন্দ্রীয় সরকার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সেখানে পুলিশের একটি পুরো কনটিনজেন্ট মোতায়েন করা হয়েছে। গতকাল রাতে বিক্ষোভস্থল পরিদর্শনে যাওয়া এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ওপর পাথর ও বোতল ছুড়ে মারার অভিযোগ উঠলে এলাকাটিতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে বিক্ষোভের কেন্দ্রস্থলে হঠাৎ ইন্টারনেট সেবা স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্দোলনকারী সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শঙ্কা প্রকাশ করে প্রশ্ন তোলেন, "সরকার কি আন্দোলনকারীদের ওপর আবারও কোনো নির্মম বলপ্রয়োগের প্রস্তুতি নিচ্ছে?" অপর এক বার্তায় তিনি পুলিশ ও নিরাপত্তাবাহিনীর প্রতি অন্যায় আদেশ পালন না করার এবং নিরপরাধ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের শক্তি প্রয়োগ না করার আকুল আহ্বান জানান।

শিক্ষার্থীদের এই দীর্ঘায়িত প্রতিবাদের মুখে নিরাপত্তা জোরদার করা হলেও ইন্টারনেট বিচ্ছিন্ন থাকা ও বিপুল পুলিশ উপস্থিতির কারণে জন্তর মন্তর এলাকায় বাড়তি আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য গত দুই মাস ধরে প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে সিজেপি। সূত্র: এনডিটিভি

 

SN
আরও পড়ুন