ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নই একমাত্র পথ: ইসহাক দার

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

ইসলামাবাদ সমঝোতা স্মারক বা এমওইউ বাস্তবায়নকেই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকারের সঙ্গে এক বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈঠকে পাকিস্তান–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সহযোগিতা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র দপ্তরের এক্স বার্তায় বলা হয়, পাকিস্তান–যুক্তরাষ্ট্র সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন ইসহাক দার। দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বও তুলে ধরেন তিনি।

দার বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকটি অক্ষরে অক্ষরে ও যথাযথভাবে বাস্তবায়ন করাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তবে এ ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থও সুরক্ষিত রাখার কথা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে নাটালি বেকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ইসহাক দারকে শুভেচ্ছা জানান তিনি। সূত্র: ডন

AS
আরও পড়ুন