ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে পানিতে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সমুদ্রে সাঁতার কাটতে নেমে স্রোতের টানে তারা ভেসে গেলে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪৮ সদস্যের একটি দল ভ্রমণে গিয়ে দিভেগার সমুদ্রসৈকতে যায়। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা সমুদ্রে সাঁতার কাটতে নামার পর তাদের মধ্যে আটজন পানির স্রোতে ভেসে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রের পানির গভীরতা ও স্রোতের তীব্রতা তারা বুঝতে পারেননি।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে আট শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
নিহত শিক্ষার্থীরা হলেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর ও কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর। তারা সবাই পুনের আলান্দির বাসিন্দা।
খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা জানতে তদন্ত চলছে।
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ২২
মসজিদের ইমামকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ
স্বামীর সঙ্গে ঘোরায় তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী