ভারতের দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল করার আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। শুক্রবার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। এক সপ্তাহের মধ্যে এটি তাঁর দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার উদ্দেশ্যে বের হওয়ার কয়েক মিনিট আগে পুলিশ দীপকেকে আটক করে। মিছিলটির নাম দেওয়া হয়েছিল ‘লেহরা দো তিরঙ্গা’।
এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে দিল্লিতে এসেছিলেন দীপকে। মুম্বাই থেকে তাঁর বিমান দিল্লিতে অবতরণের পরই তাঁকে আটক করা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের আটকের আগে দিল্লি পুলিশ দীপকের বাসায় গিয়ে প্রস্তাবিত মিছিল না করার বিষয়ে একটি নোটিশ দেয়। ভারতের ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৬৩ ধারার উল্লেখ করে নোটিশে বলা হয়, দিল্লির কনট প্লেস এলাকায় নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে।
এ ছাড়া নয়াদিল্লি পৌর কাউন্সিল (এনডিএমসি) প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের অনুমতি দেয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়। অনুমতি ছাড়া মিছিল করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও সতর্ক করে পুলিশ।
ককরোচ জনতা পার্টির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করার ঘটনাও মিছিলের অন্যতম কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১৩ অক্টোবর তাঁরা জাতীয় পতাকা হাতে দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন। এর আগের দিন ঐতিহাসিক স্থানটিকে প্রতিবাদস্থল হিসেবে নির্ধারণের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছিল। পরে তাঁদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়।
এই ঘটনার প্রতিবাদে এবং জাতীয় পতাকা নিয়ে মিছিলের কর্মসূচি ঘিরে দলটির সঙ্গে পুলিশের বিরোধ আরও তীব্র হয়েছে।
সূত্র: এনডিটিভির প্রতিবেদন।
সন্ত্রাসে অর্থায়নবিরোধী বিধিতে সরকারের ক্ষমতা ব্যবহারে গালিবাফের আপত্তি
ঢাবি গবেষকদের উদ্ভাবন, এডিস মশা শনাক্তে ‘এআই ফাঁদ’