মার্কিন-ব্রিটিশ বোমা হামলায় ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) নিহত সবার জানাজা সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেছে হুথি সংগঠনটি। জানাজা শেষে ইয়েমেনি রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
হুতি গোষ্ঠী জানায়, মার্কিন-ব্রিটিশ আগ্রাসনের বোমা হামলায় ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন শহিদ হয়েছেন। তাদের মরদেহ শনিবার ভাবগাম্ভীর্যপূর্ণ মিছিলের মাধ্যমে সানায় জানাজার জন্য নেয়া হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের সামরিক বাহিনী হুথিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। লোহিত সাগরে জাহাজ সুরক্ষায় ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে আঘাত করছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। জানুয়ারির মাঝামাঝি থেকে এ হামলা চালিয়ে যাচ্ছে তারা।
ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালাচ্ছে।
এদিকে হুথিদের এ হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্যে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী। সূত্র: এএফপি।

