যে সময় বন্ধ থাকবে সব স্থলবন্দর ইমিগ্রেশন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ভোটগ্রহণের দিন কেন্দ্র করে টানা ২৪ ঘণ্টা এই নির্দেশনা কার্যকর থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব কাজি আরিফুর রহমান।

নির্দেশনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নির্বিঘ্ন করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বাংলাদেশের সকল স্থলবন্দরের বহিরাগমন ও আগমন (Immigration) কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, নির্বাচনের সময় কোনো চিহ্নিত অপরাধী বা ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং যাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে, তারা যেন সীমান্ত পাড়ি দিতে না পারে— তা নিশ্চিত করতেই এই নজরদারি। মূলত নাশকতা এড়ানো এবং শান্তিপূর্ণ ভোট আয়োজন নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

নিরাপত্তা বিশ্লেষকরা সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও যৌক্তিক বলে অভিহিত করেছেন। তারা বলছেন, নির্বাচনের সময় সীমান্ত উন্মুক্ত থাকলে বহিরাগত দুর্বৃত্তদের অপতৎপরতার ঝুঁকি থাকে। ইমিগ্রেশন বন্ধ রাখলে সেই ঝুঁকি অনেকাংশে কমে আসে, যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক।

এই নির্দেশনা বাস্তবায়নে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

DR/SN
আরও পড়ুন