শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের মন্ত্রী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশন আহসান ইকবালের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটি ২৯৯টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়লাভ করে রাষ্ট্রক্ষমতায় বসতে যাচ্ছে। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে জামায়াতে ইসলামী। এছাড়া নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজয়ী দল বিএনপি ধানের শীষ প্রতীকে মোট ভোটের ৪৯.৯৭ শতাংশ পেয়েছে। জামায়াতে ইসলামী দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট। উল্লেখযোগ্য যে, বিএনপির ২৯১ জন প্রার্থীর মধ্যে কারোরই জামানত বাজেয়াপ্ত হয়নি। অন্যদিকে, সাবেক বিরোধী দল জাতীয় পার্টি ১৯৮ আসনে প্রার্থী দিলেও তাদের মধ্যে মাত্র ৫ জন জামানত রক্ষা করতে পেরেছেন, বাকি সবাই বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।

আজকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

DR
আরও পড়ুন