তারেক রহমানকে নরওয়ের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

নরওয়ের প্রধানমন্ত্রী তাঁর বার্তায় এই নির্বাচনকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘ঐতিহাসিক নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধিসহ আমাদের দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।’

তারেক রহমানকে নরওয়ের প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা এমন এক সময়ে এল যখন এর আগে ফ্রান্স, জার্মানি এবং বিমসটেক (BIMSTEC) মহাসচিবের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। পশ্চিমা দেশগুলোর এই ইতিবাচক সাড়া নতুন সরকারের জন্য আন্তর্জাতিক পর্যায়ে বড় ধরনের সমর্থন হিসেবে দেখা হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২৯৯টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে এবং স্থগিত হওয়া আরও দুটি আসনেও তারা এগিয়ে রয়েছে। এছাড়া বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন।

অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শরিকেরা ৯টি আসনে জয়লাভ করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নরওয়ের মতো মানবাধিকার ও গণতন্ত্রকামী দেশের পক্ষ থেকে আসা এই অভিনন্দন বার্তা তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের গণতান্ত্রিক যাত্রাকে আরও সুদৃঢ় করবে।

DR/SN
আরও পড়ুন