জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি কাছে শপথ নিয়েছেন নির্বাচিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এরইমধ্যে সামনে এসেছে নতুন-পুরনো মিলিয়ে একঝাঁক নাম। তাদের মধ্যে ঢাকার কয়েকজন সংসদ সদস্যও আছেন। কারা আছেন সেই তালিকায়?
তারেক রহমান: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। লড়েছিলেন ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে। দুটিতেই জয় পেয়েছেন। এরমধ্যে বগুড়া-৬ আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। ফলে তিনি এখন শুধু ঢাকা-১৭’র সংসদ সদস্য।
এর বাইরে আগামীর প্রধানমন্ত্রীও তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি সংসদ সদস্য হিসেবে একবার শপথ নিয়েছেন। বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে।
শেখ রবিউল আলম: বিএনপির এই নেতা এবার ঢাকা-১০ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে জিতেছেন বড় ব্যবধানে। তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যদিও তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়।
হাবিবুর রশীদ হাবিব: বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব এবার ঢাকা-১০ আসন থেকে। তিনিও জিতেছেন বড় ব্যবধানে। হাবিবকে নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে রেখেছেন তারেক রহমান। যদিও কোন মন্ত্রণালয় পেয়েছেন তিনি, তা এখনো চূড়ান্ত নয়।
আমিনুল হক: জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক এবারের নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন। তবে জামায়াতের প্রার্থীর কাছে তিনি হেরে যান। তারপরও আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি শপথও নিয়েছেন।
ববি হাজ্জাজ: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ এবার ঢাকা-১৩ থেকে বিএনপির টিকিটে লড়েছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামনুল হককে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাকেও প্রতিমন্ত্রী করেছেন তারেক রহমান।
ইশরাক হোসেন: তরুণ এই রাজনীতিক এবার ঢাকা-৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। জিতেছেন বড় ব্যবধানে। দলে তিনি খুবই সক্রিয়। বিএনপির দুঃসময়ে ছিলেন, নির্যাতন সয়েছেন, কারাভোগ করেছেন। ফলে তাকেও মূল্যায়ন করেছে বিএনপি। প্রতিমন্ত্রী করা হয়েছে ইশরাককে।
ঢাকার এই মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ছাড়াও নতুন মন্ত্রিসভার সকলেই বিকেল সোয়া চারটার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ পড়েছেন।
এর আগে সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ পড়েন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পরে দুপুর ১২টায় সিইসির কাছে শপথ পড়েন জামায়াত ও তাদের জোটের সংসদ সদস্যরা।

