রুয়েটে প্রথম পর্যায়ের ভর্তি শেষে ৭৬২ আসন ফাঁকা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ এএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম পর্যায়ে ভর্তি হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ে ৪৬৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। প্রথম পর্যায়ে ভর্তির পরও ৭৬২টি আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে  ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগসমূহে ৪৬১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফাঁকা রয়েছে ৭৩৯ টি আসন ও স্থাপত্য বিভাগে ৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফাঁকা রয়েছে ২৩টি আসন।

‎ভর্তি হওয়া শিক্ষার্থীদের বুধবারের (১৮ ফেব্রুয়ারি) মধ্যে ব্যাংকের মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। প্রথম পর্যায়ে ভর্তি শেষে প্রায় দুই-তৃতীয়াংশ আসন ফাঁকা রয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপত ড. মো: নুরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১৭ ফেব্রুয়ারি উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগের পছন্দক্রমানুসারে প্রস্তুতকৃত তালিকা প্রকাশ করা হলো।

‎ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাংক চলাকালীন সময়ে ভর্তি ফি প্রদানকরতঃ ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্দেশ দেয়া হলো। 

‎এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক  ও কম্পিউটার কৌশল অনুষদসমূহের অধীন ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ এক হাজার ২৩৫টি আসনে এবার ভর্তি নেয়া হবে।

HN
আরও পড়ুন