২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে ছুটি শুরু হচ্ছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, যেখানে রমজানের বড় একটি সময় ক্লাস সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তালিকা অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৯ মার্চ (রোববার) থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি থেকেই মাদরাসাগুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে।
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের তুলনায় ছুটি ১২ দিন কমানো হয়েছে। নতুন তালিকায় ২১ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ছুটি ১২ দিন কমিয়ে রমজান মাসের অর্ধেকেরও বেশি সময় ক্লাস চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরার মতো বেশ কিছু ছুটি এবার বাতিল করা হয়েছে।
২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন; দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের হাতে সংরক্ষিত ৩ দিনের ছুটি বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে স্কুল ও কলেজের ছুটির পার্থক্যের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
আজ থেকে কলেজে ঈদের ছুটি শুরু, বন্ধ ২৮ মার্চ পর্যন্ত
