ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও একই আসনের প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীর দলের কর্মীদের জন্য তিনি ‘ফ্রি কোর্স’ অফার করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘একটু আগে পাটুয়ারি ভাই ফোন দিলেন, শীঘ্রই বাসায় আসবেন জানালেন। ইলেকশনের আগেই আসতেন, কিন্তু মিডিয়া পজিটিভ সবকিছুকেও ভিউয়ের জন্য নেগেটিভ করে ফেলে এই ভয়ে আসেননি বললেন। রাজনৈতিক শিষ্টাচারের এই ধারা সকল প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকুক।’
ফোনালাপের বিস্তারিত তুলে ধরে তিনি আরও লেখেন, ‘আমার কাছে শিখতে চান জানালেন, আমিও এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম। তিনি অ্যারেঞ্জমেন্ট করবেন আশ্বাস দিলেন। যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতির ময়দানে সম্পৃক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা আর আমার মতো যারা জন্ম থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছে, আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন, তাদের জ্ঞান— দুই পক্ষের শক্তি এক হলে প্রকৃত অর্থেই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
ঢাকা-৮ আসনের নির্বাচনি সমীকরণ নিয়ে মেঘনা আলম উল্লেখ করেন, ‘আমার ছোট ভাই পাটুয়ারির জন্য অনেক স্নেহ। যদি ও জিতলে জামাত ক্ষমতায় আসার সুযোগ না থাকত, তাহলে মেঘনা আলম বিএনপিকে সামনে আগাতে দিয়ে নিজের প্রচারণা ও পোলিং এজেন্ট সরিয়ে নিত না জানালাম। যে দল নারীর নেতৃত্ব অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় চাই না।’
বিভেদের রাজনীতির ঊর্ধ্বে ওঠার প্রত্যয় ব্যক্ত করে মেঘনা আলম তাঁর পোস্টে আরও বলেন, তিনি শত্রুতার রাজনীতি চান না। সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সকল রাজনীতিবিদরা আবদ্ধ থেকে দেশ বদলানোর নিয়তে অটুট থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম
