খুমেক হাসপাতালে ভুয়া বিশেষজ্ঞ ডিগ্রিতে প্রতারণা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পিজিটি (PGT) ও সিসিডি (CCD)-এর মতো ভুয়া ডিগ্রি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোনো স্বীকৃত বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও মেডিসিন, নিউরোমেডিসিন, হৃদরোগ ও শিশুসহ জটিল সব রোগের চিকিৎসা দিচ্ছিলেন ডা. মিজানুর রহমান নামের এক চিকিৎসক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের খুলনা জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট দল খুমেক হাসপাতালে অভিযান চালিয়ে এই জালিয়াতির সত্যতা পায়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, খুমেক হাসপাতালে বদলি বাণিজ্য এবং রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানির অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তদন্তকালে দেখা যায়, ডা. মিজানুর রহমানের পিজিটি ও সিসিডি ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি তার প্রেসক্রিপশন প্যাড ও সাইনবোর্ডে এসব ডিগ্রি ব্যবহার করছেন।

অভিযান চলাকালীন দুদক দল তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো বৈধ সনদ দেখাতে পারেননি এবং কোনো সন্তোষজনক ব্যাখ্যাও দিতে ব্যর্থ হন। কোনো বিশেষজ্ঞ ডিগ্রি ছাড়াই তিনি নিউরোমেডিসিন (ব্রেন), ডায়াবেটিস, হৃদরোগ, চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন বাতরোগের চিকিৎসা দিয়ে আসছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানকালে সংশ্লিষ্ট অন্যান্য অনিয়ম ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দ্রুতই কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

DR/SN
আরও পড়ুন