আজ বিশ্ব বিজ্ঞান দিবস

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

আজ ১০ নভেম্বর, বিশ্ব বিজ্ঞান দিবস। মানুষের জীবন ও সমাজের উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা তুলে ধরা, গবেষণায় তরুণদের আগ্রহী করা এবং বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।

চিকিৎসা, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও প্রযুক্তিসহ মানবজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান রয়েছে। বিজ্ঞানের অগ্রগতিতে মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, রোগব্যাধি ও খাদ্যনিরাপত্তার মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বও বাড়ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কমন গ্রাউন্ড থ্রু সায়েন্স ডিপ্লোম্যাসি’, যার বাংলা অর্থ ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি তৈরি’।

জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের অবক্ষয়, সংক্রামক রোগ, খাদ্যনিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে এবারের প্রতিপাদ্যে। এসব সমস্যা কোনো একটি দেশের পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। তাই রাজনৈতিক ও কূটনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞান ও সমাজের মধ্যে সম্পর্ক জোরদার এবং মানুষের জীবনে বিজ্ঞানের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ২০০১ সালে দিবসটি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ২০০২ সালের ১০ নভেম্বর প্রথমবারের মতো বিশ্বজুড়ে দিবসটি উদ্‌যাপিত হয়।

এরপর থেকে প্রতিবছর ১০ নভেম্বর ‘শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস’ পালিত হয়ে আসছে।

এমইউ
আরও পড়ুন