পবিত্র রমজানের চতুর্থ দিনে সৌদি আরবে ওমরাহ পালনে নতুন রেকর্ড গড়েছে মুসল্লিরা। হিজরি ১৪৪৭ সালের রমজানের এই দিনে (শনিবার, ২১ ফেব্রুয়ারি) ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ আদায় করেছেন, যা আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের ৭ মার্চ, যখন এক দিনে ৫ লাখ মুসল্লি ওমরাহ করেছেন।
রমজানে মুসল্লির চাপ বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মসজিদুল হারাম এলাকায়। কাবাঘরের চারপাশে থাকা সাদা মার্বেলের উন্মুক্ত অংশ মাতাফ শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারিত রাখা হয়েছে। জুমা, মাগরিব, এশা, তারাবিহ এবং রমজানের শেষ দশকের তাহাজ্জুদের সময় নামাজের জায়গা দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় মুসল্লিদের জন্য খোলা চত্বর ও নির্ধারিত এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য পথচারীদের চলাচল অনুমোদিত, তবে মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ। নিরাপত্তা বিঘ্নিত করলে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা করা হবে।
মুসল্লিদের পরিবহন ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরসহ ১৪টি নির্ধারিত পার্কিং এলাকা থেকে পাবলিক বাসে মুসল্লিদের আনা-নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভিড়ের সময় যারা মসজিদুল হারাম বা বাইরের চত্বরে প্রবেশ করতে পারছেন না, তাদের নিকটবর্তী মসজিদ ও প্রস্তুত করা নামাজ হলে পাঠানো হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের শান্তিপূর্ণ ইবাদতের জন্য পুরো রমজানজুড়ে নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা বজায় রাখা হবে।
যাকাত ও ফিতরার মধ্যে পার্থক্য কী?
ইসলামের আগেও মধ্যপ্রাচ্যে ছিলো রোজার প্রচলন
