অমর একুশে বইমেলা ২০২৬-এর পর্দা উঠছে আজ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশনটি সাময়িকভাবে ২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রী ওঠানামা বন্ধ থাকবে। এই সময়ে কোনো ট্রেন এই স্টেশনে থামবে না এবং কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না। তবে লাইনের অন্য সব স্টেশনে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।
এবারের অমর একুশে বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় মোট ইউনিটের সংখ্যা ১,০১৮টি। গত বছর ৭০৮টি প্রতিষ্ঠান অংশ নিলেও এবার প্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা কমেছে, তবে আয়োজনে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় করা হয়েছে লিটল ম্যাগাজিন চত্বর। এখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল দেওয়া হয়েছে। অন্যদিকে শিশুদের জন্য বিশেষ আকর্ষণ ‘শিশু চত্বর’-এ থাকছে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে মেট্রোরেল কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকাল সাড়ে ৩টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পুনরায় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
