চলতি রোজায় একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি রমজানের চতুর্থ দিনে (২১ ফেব্রুয়ারি) ৯ লাখ ৪ হাজার মুসল্লি একদিনে ওমরাহ সম্পন্ন করেছেন। সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ ‘হারামাইন’ এই ঐতিহাসিক তথ্য নিশ্চিত করেছে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এর আগে এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মানুষের ওমরাহ পালনের রেকর্ড ছিল, যা গত বছরের ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে।

রমজানে মসজিদুল হারামে উপচে পড়া ভিড় সামলাতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ওমরাহ পালনকারীদের স্বাচ্ছন্দ্যের জন্য কাবা শরিফের চারপাশের সাদা মার্বেল চত্বর বা ‘মাতাফ’ এলাকাটি সারাদিন শুধু ইহরাম পরিহিত ওমরাহ যাত্রীদের জন্য নির্ধারিত রাখা হয়েছে।

বিশেষ করে শুক্রবারের জুম্মা, মাগরিব, এশা এবং তারাবির সময় ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। রমজানের শেষ দশ দিনে তাহাজ্জুদ নামাজের সময় এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মসজিদুল হারামের অভ্যন্তরীণ করিডোর বা চলাচলের পথে অবস্থান নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মক্কার কেন্দ্রীয় এলাকায় যানজট কমাতে এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নামাজের নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় এলাকায় অনুমতি ছাড়া গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ পালনে আসা বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঐতিহাসিক এই ভিড় সত্ত্বেও এখন পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ওমরাহ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

DR/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত