২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান-এর চলমান সংঘাতে বড় ধরনের হতাহতের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানে অভিযানে ২২৮ তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮ জনকে আটক করা হয়েছে।

এর আগে সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেন, অভিযানে ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। ফলে হতাহতের সংখ্যা নিয়ে সরকারি বক্তব্যেই দেখা দিয়েছে ভিন্নতা।

অন্যদিকে তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানের হামলায় তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন। একই সঙ্গে তারা দাবি করেছে, আফগান বাহিনীর প্রতিশোধমূলক হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

আফগান সরকারের ভাষ্য অনুযায়ী, গত বুধবার ডুরান্ড লাইন (আফগান–পাকিস্তান সীমান্ত) বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

সংঘাতের সূত্রপাত গত রোববার। আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলায় ১৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আফগানিস্তান মিশন। তবে ইসলামাবাদের দাবি, ওই অভিযানে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। কাবুল জানিয়েছে, নিহতের সংখ্যা ১৮।

জবাবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার কথা জানায় ইসলামাবাদ।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে নতুন করে হামলা চালায় পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেন।

AS
আরও পড়ুন