আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ শিক্ষার্থী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন। বিস্ফোরণের তীব্রতায় স্কুল ভবনের পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে একটি খনি কোম্পানির বিস্ফোরক রাখার গুদাম থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রদেশটির রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দারসির এলাকায় এ ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, প্রাথমিক তদন্তে স্কুলের কাছাকাছি একটি বিস্ফোরক সংরক্ষণাগারকে ঘটনার সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে খনি কোম্পানিগুলোর ব্যবহারের জন্য বিস্ফোরক রাখা ছিল।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক সামিউল হক হক বায়ান জানান, খনি কার্যক্রমের কাজে ব্যবহৃত বিস্ফোরক একটি বাড়িতে সংরক্ষণ করা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ফরিদ দেহকান জানান, সকাল ১০টার দিকে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই উদ্ধার ও তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের অধিকাংশকে পার্শ্ববর্তী নানগারহার প্রদেশের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে ১৫ জনের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ ও গুদামে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। 

আফগানিস্তানে খনিজ সম্পদ উত্তোলন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড। তবে বিভিন্ন এলাকায় খনি পরিচালনা ও বিস্ফোরক সংরক্ষণের নিরাপত্তাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। কুনার প্রদেশে রত্নপাথরসহ বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলনের কার্যক্রম চলছে।

স্কুলের এত কাছে কীভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক সংরক্ষণ করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত আগস্টে রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে ৪২ জনের বেশি শিশু আহত হয়েছিল। জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউএনএএমএ) তখন ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছিল।

 

এ ছাড়া চলতি সপ্তাহেও কাপিসা ও ফারাহ প্রদেশে বিস্ফোরণে শিক্ষার্থীদের হতাহতের খবর পাওয়া গেছে। এসব ঘটনার কয়েকটির পেছনে অতীত সংঘাতের অবিস্ফোরিত গোলাবারুদ দায়ী বলে ধারণা করা হচ্ছে।

নতুন করে কুনারের বিস্ফোরণ আফগানিস্তানে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

বিএইচবি
আরও পড়ুন