হঠাৎ ফাল্গুনের ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিট থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে।
বিআইডব্লিউটিসি ও ঘাট সূত্র জানায়, আজ শেষ রাত থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় কুয়াশা বাড়তে থাকে। ভোরের দিকে কুয়াশার তীব্রতা এতটাই বেড়ে যায় যে, নৌ-চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দেখা যাচ্ছিল না। ফলে দিক নির্ণয় করতে সমস্যায় পড়েন ফেরির চালকরা। এমতাবস্থায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ৫টা ৫০ মিনিট থেকে সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহউদ্দিন জানান, ‘কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি লোড অবস্থায় নোঙর করে আছে এবং পাটুরিয়া প্রান্তেও বেশ কিছু ফেরি আটকে পড়েছে। কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে।’
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শীতের আমেজ কাটিয়ে বসন্তের আগমনে এই হঠাৎ কুয়াশায় বিপাকে পড়েছেন শত শত যানবাহন ও কয়েক হাজার যাত্রী। বিশেষ করে দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো বেশি দুর্ভোগে পড়েছে।
সীতাকুণ্ডে গলায় ছুরিকাঘাতে আহত ৭ বছরের সেই শিশুটির মৃত্যু
