ওমান, কাতার ও কুয়েতের নেতাদের সঙ্গে মোদির ফোনালাপ

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে ওমান, কাতার ও কুয়েতের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মঙ্গলবার (৩ মার্চ) পৃথক তিনটি ফোনালাপে তিনি দেশগুলোর ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা’ লঙ্ঘনের তীব্র নিন্দা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মোদি জানান, তিনি ওমানের সুলতান হাইথাম বিন তারিক, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-সাবাহর সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

গত শনিবার থেকে শুরু হওয়া এই যুদ্ধে জিসিসি (GCC) ভুক্ত দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় ভারত তার উদ্বেগের কথা জানিয়েছে। মোদি বলেন, ‘কোনো দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি এই দেশগুলোর ওপর চলা হামলার নিন্দা জানান এবং শান্তি ফেরাতে আলাপ-আলোচনার ওপর জোর দেন।

ফোনালাপে মোদি এবং কুয়েতের নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা ও সংলাপের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও একই বিষয়ে কথা বলেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ৭৮৬ জন নিহত হন, যার মধ্যে অনেক স্কুলছাত্রীও রয়েছে। এর প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এই পাল্টা হামলায় ৬ মার্কিন সেনাসহ অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

DR/SN
আরও পড়ুন