ত্রয়োদশ সংসদ

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ হোসেন

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম

বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এক ঐতিহাসিক মুহূর্তে যাত্রা শুরু করলো ত্রয়োদশ জাতীয় সংসদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সংসদীয় রীতি অনুযায়ী, নতুন সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আগ পর্যন্ত একজন জ্যেষ্ঠ সদস্যকে সভাপতিত্ব করার প্রস্তাব করা হয়। ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করার পর ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে তাতে পূর্ণ সমর্থন জানান দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে এই প্রস্তাবের প্রতি সংহতি প্রকাশ করে বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান বিরোধীদলের উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই আজ নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচন শেষে নবনির্বাচিত স্পিকারকে রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন এবং এরপর নতুন স্পিকারের পরিচালনায় অধিবেশনের বাকি কার্যক্রম চলবে।

দীর্ঘ দেড় বছর পর নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে এই সংসদ অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

DR
আরও পড়ুন