ইরানে সরকারবিরোধী নতুন কোনো বিক্ষোভ দেখা দিলে তা দমনে আগের চেয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ডস কোর। শুক্রবার (১৩ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় বাহিনীটি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, আইআরজিসি বলেছে, গত জানুয়ারিতে যে ধরনের বিক্ষোভ দেখা গিয়েছিল, ভবিষ্যতে তেমন পরিস্থিতি তৈরি হলে এবার আরও কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।
মানবাধিকারভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে সাত হাজারের বেশি মানুষ নিহত হন। ওই সময় দেশটির বিভিন্ন শহরে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা রাস্তায় নেমে আসে এবং তা দ্রুত সহিংস রূপ নেয়।
তবে ইরান সরকার ওই বিক্ষোভের পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলে। তেহরান দাবি করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা সন্ত্রাসীরা পরিস্থিতিকে উসকে দিয়েছিল।
অন্যদিকে কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন বর্তমান সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে এবং শাসনব্যবস্থার পরিবর্তনের দাবি তোলে।
এই আহ্বান ও পাল্টা হুঁশিয়ারির মধ্য দিয়ে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অসন্তোষ, আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনা মিলিয়ে দেশটির পরিস্থিতি এখনো অস্থির রয়ে গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন, দাবি ট্রাম্পের
