অস্ট্রেলিয়ায় চলমান এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ইরান। তবে মাঠের হারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে মাঠের বাইরের রাজনৈতিক পরিস্থিতি। টুর্নামেন্ট চলাকালীন নিজ দেশে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনি নিহতের ঘটনায় ইরান দলে নেমে এসেছে অস্থিরতা। বিশেষ করে ইরানের এক টিভি উপস্থাপকের বিরূপ মন্তব্যে এখন দেশে ফিরতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ফুটবলাররা।
গত ২ মার্চ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে প্রথা অনুযায়ী ইরানের জাতীয় সংগীত বাজানো হয়। সে সময় গ্যালারি ও টিভি পর্দার সামনে থাকা দর্শকদের অবাক করে দিয়ে ইরানের খেলোয়াড়রা সম্পূর্ণ নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন। এই নীরব প্রতিবাদ ঘিরেই শুরু হয় বিতর্ক।
খেলোয়াড়দের এই আচরণে ক্ষুব্ধ হয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক মোহাম্মদ রেজা শাহবাজি তাঁদের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেন। সাংবাদিকদের এমন আক্রমণাত্মক মন্তব্যের পর ফুটবলাররা দেশে ফিরলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন। এই ভীতিকর পরিস্থিতির কারণে দলের মোট ছয়জন সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং দেশটির সরকার তাঁদের মানবিক ভিসা প্রদান করেছে।
ইরান দলের কোচ মারজিয়ে জাফারি এই পরিস্থিতির জন্য সরাসরি দেশের একশ্রেণির সাংবাদিক ও উপস্থাপককে দায়ী করেছেন। ইরান ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,‘আমাদের মেয়েরা প্রথম ম্যাচ থেকেই প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিল। বড় ভুলটি করেছেন তাঁরা, যাঁরা পরিস্থিতি না বুঝেই দেশে বসে মেয়েদের বিরুদ্ধে উসকানি দিয়েছেন। তাঁদের কারণেই খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছে এবং অনেকে দেশে ফিরতে ভয় পাচ্ছে।'
জাফারি আরও দাবি করেন, অস্ট্রেলিয়ার পুলিশ কয়েক দফায় খেলোয়াড়দের ডেকে নিয়ে তাঁদের সেখানে থেকে যেতে প্ররোচিত করার চেষ্টা করেছে। তবে দলের অধিকাংশ সদস্যই দেশে ফেরার পক্ষে।
দলের আরও কয়েকজনের না ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে খবর ছড়ালেও কোচ জাফারি তা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, গোলনুশ খোসরাভি ও আফসানেহ চাত্রেনুর বর্তমানে দলের সঙ্গেই মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তাঁরা শিগগিরই ইরানে ফিরবেন। এমনকি মোহাদ্দেসে জোলফি নামে এক খেলোয়াড় প্রথমে অস্ট্রেলিয়ায় থাকার চিন্তা করলেও পরে মত বদলেছেন।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের উত্তাপ আর ঘরোয়া গণমাধ্যমের কঠোর অবস্থান মিলে ইরানি নারী ফুটবলের ভবিষ্যৎকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে।
বহুমুখী সংকটে কপালে চিন্তার ভাঁজ ‘আইপিএল’ আয়োজকদের
বাংলাদেশকে হারিয়ে সমতায় পাকিস্তান
