জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন আগামী বছর ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

পোস্টে উপাচার্য বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এখন সমাবর্তনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে নেওয়ার পালা উল্লেখ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে দীর্ঘদিন ধরেই বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ছিল। তারিখ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

উপাচার্যের ঘোষণার পর সমাবর্তন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানের স্থান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন, পোশাক, অনুষ্ঠানসূচি, ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সমাবর্তনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের মতে, সমাবর্তন একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্মরণীয় আয়োজন। দীর্ঘ প্রতীক্ষার পর দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণায় তাঁরা একটি সুন্দর আয়োজনের প্রত্যাশা করছেন।

এমইউ
আরও পড়ুন