হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলা, ৩ নাবিক নিখোঁজ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম

ব্যাংকক, থাইল্যান্ড- হরমুজ প্রণালীর কাছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া থাই পতাকাবাহী কার্গো জাহাজ ‘ময়ুরী নারী’ (Mayuree Naree)-র বেঁচে যাওয়া ক্রু সদস্যরা নিরাপদে নিজ দেশে ফিরেছেন। তবে এখনো জাহাজের তিন ক্রু নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৬ মার্চ) ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

জানা গেছে, ওমান উপকূলের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমা অতিক্রম করার সময় জাহাজটি দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল দ্বারা আক্রান্ত হয়। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংকটাপন্ন এই পরিস্থিতিতে ওমানি নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে এবং জাহাজে থাকা ক্রু সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এদিকে উদ্ধার হওয়া ক্রু সদস্যরা ফিরলেও এখনো তিনজনের হদিস পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজের ইঞ্জিন রুম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং ধারণা করা হচ্ছে ওই তিন নাবিক সেখানেই আটকা পড়েছেন। থাই কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলগুলো তাঁদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের অস্থির সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে হামলার এই ঘটনা পুনরায় আন্তর্জাতিক নৌ-নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। থাই সরকার এবং জাহাজ কর্তৃপক্ষ এই হামলার নেপথ্যে থাকা কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (AP) প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, দীর্ঘ আতঙ্ক ও অনিশ্চয়তা কাটিয়ে ক্রু সদস্যরা বিমানবন্দরে এসে পৌঁছালে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ঘরে ফেরার স্বস্তির মাঝেও নিখোঁজ তিন সহকর্মীর জন্য শোকের ছায়া বিরাজ করছে পুরো দলটির মধ্যে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন