বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা চলছে: ভারতীয় হাইকমিশনার

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম

বাংলাদেশিদের জন্য বর্তমানে বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশিদের জন্য ভিসা চালু করার ঐকান্তিক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। যখনই এটি চালু হবে, তখনই আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’ উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেও প্রণয় ভার্মা দ্রুতই ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে হাইকমিশনার জানান, আলোচনায় দুই দেশের মধ্যে ‘ক্রস বর্ডার পাওয়ার’ ও ‘এনার্জি কানেক্টিভিটি’ বা বিদ্যুৎ ও জ্বালানি সংযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কীভাবে এই খাতকে আরও শক্তিশালী করা যায় এবং চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করা যায়, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’

আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

NB/FJ
আরও পড়ুন