আমিরাতের শারজাহ উপকূলে জাহাজে বিস্ফোরণ

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৯:৪৬ এএম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলের অদূরে একটি পণ্যবাহী জাহাজের (বাল্ক ক্যারিয়ার) কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার (২১ মার্চ) শারজাহ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল (২৮ কিলোমিটার) উত্তর দিকে এই বিস্ফোরণ ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।

ইউকেএমটিও জানিয়েছে, সমুদ্রের ওই এলাকায় অবস্থানকালে হঠাৎ একটি অজ্ঞাত বস্তু জাহাজটির ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। এরপরই জাহাজটির খুব কাছাকাছি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণটি জাহাজটিতে সরাসরি আঘাত হেনেছে কি না বা এটি কোনো ড্রোন আক্রমণ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রাথমিক খবরে বলা হয়েছে, রহস্যময় এই বিস্ফোরণে জাহাজের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা নাবিক দলের সবাই সুস্থ ও নিরাপদ আছেন। নিরাপত্তার খাতিরে জাহাজটি বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে এবং আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও লোহিত সাগরসহ সংলগ্ন জলসীমাগুলোতে জাহাজে হামলার হুমকির মধ্যে শারজাহ উপকূলে এমন বিস্ফোরণ আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

NB/
আরও পড়ুন