রোসাটম

দ্রুতই বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রূপপুরের প্রথম ইউনিট

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ এএম

জাতীয় গ্রিডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ দ্রুত যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম। রাশিয়ার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট চালুর নির্দিষ্ট সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রোসাটম প্রধান জানান, ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর সমৃদ্ধ প্রথম ইউনিটের গ্রিড সংযোগ যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে তারা সক্রিয়ভাবে কাজ করছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, ২,৪০০ মেগাওয়াট ক্ষমতার এই বিশাল কেন্দ্রটি চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ মেটানো সম্ভব হবে। পাশাপাশি, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিতের মাধ্যমে প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশাপ্রকাশ করে রোসাটম।

সংস্থাটির মহাপরিচালক আরও নিশ্চিত করেন যে, ২০২৭ সালের মধ্যেই দ্বিতীয় ইউনিটের প্রাথমিক স্টার্ট-আপ ও চালুকরণ কার্যক্রম শুরু হবে। বৈঠকে রূপপুর প্রকল্পের সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

এইচএন
আরও পড়ুন