কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সাত আরোহীর মধ্যে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর একজনকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দেশটির বিশেষায়িত বাহিনী।
রোববার (২২ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি একটি ‘নিয়মিত দায়িত্ব’ পালনকালে মাঝআকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এর কিছুক্ষণ পরই এটি দেশটির জলসীমার ভেতর আছড়ে পড়ে। প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটির কথা বলা হলেও দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত এই দুর্ঘটনাকে নিছক কারিগরি বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এর পেছনে কোনো শত্রুপক্ষের আক্রমণ বা নাশকতার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের জেরে কাতার সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
বিবৃতিতে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌবাহিনী ও বিমানবাহিনীর ডুবুরি দল এবং বিশেষ হেলিকপ্টার তল্লাশি চালাচ্ছে। সূত্র: আলজাজিরা
কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
