ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমাগত হুমকির মুখে লেবাননের রাজধানী বৈরুত এবং এর আশপাশের এলাকাগুলোতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৈরুত থেকে আল জাজিরার প্রতিনিধি ম্যালকম ওয়েব জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত দক্ষিণ বৈরুতের শহরতলিতে অন্তত চারটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী আগেই সতর্ক করেছিল যে তারা লেবাননের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত রাতে দুটি এবং আজ শনিবার সকালে আরও দুটি প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। তবে ঠিক কোন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকাটি গত এক মাস ধরে ইসরায়েলি বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু হওয়ায় সেখান থেকে প্রায় সকল বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতের ফলে বৈরুতের দক্ষিণ উপশহর থেকে প্রায় ৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে এই বিশাল জনগোষ্ঠী মানবেতর জীবনযাপন করছে। অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ বৈরুতের একটি স্পোর্টস স্টেডিয়ামে গাদাগাদি করে থাকছেন, আবার অনেকেরই ঠিকানা হয়েছে খোলা আকাশের নিচে তাঁবুতে।
ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে চলমান এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধের অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার পর লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলি সামরিক অভিযান আরও তীব্র হয়েছে। মানবিক সহায়তার অভাব এবং ক্রমাগত বিমান হামলায় লেবাননের সাধারণ মানুষের মধ্যে চরম হাহাকার দেখা দিয়েছে।
ইরান যুদ্ধ থামাতে চীনের ৫ দফা প্রস্তাব, গুরুত্ব দিচ্ছে না ট্রাম্প প্রশাসন
