আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহ দেখিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতাকেই অগ্রাধিকার দিচ্ছে তেহরান।
আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান এই সংঘাতের জন্য মূলত দায়ী ইসরায়েল, যার প্রভাব বিশ্বজুড়েই পড়ছে। তার দাবি, পরিস্থিতি মোকাবিলায় ইরান আগেই প্রস্তুতি নিয়েছিল এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাও প্রমাণ করেছে।
গালিবাফ জানান, নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে বাধ্য হয়ে অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানো হলে এর জবাব আরও ব্যাপক ও কঠোরভাবে দেওয়া হবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে।
তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা সংশ্লিষ্ট দেশগুলোরই স্বার্থে। তার মতে, বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নিরাপত্তা চুক্তির মাধ্যমে এই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
গালিবাফ আরও বলেন, অঞ্চলে অস্থিতিশীলতার মূল কারণগুলো দূর করতে হবে এবং একটি স্বাধীন নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। সূত্র: আলজাজিরা
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল 'হোয়াসং-১৮' এখন ইরানে
যুদ্ধ বন্ধে স্থায়ী সমাধান চান আব্বাস আরাঘচি
