মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত ও ভ্রমণে ইচ্ছুক যুক্তরাষ্ট্রের নাগরিকদের পবিত্র হজে অংশ না নিতে পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষের ভ্রমণ সতর্কতার বরাত দিয়ে দূতাবাস এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ বছর পবিত্র মক্কায় অনুষ্ঠিত বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান হজে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
দূতাবাসের ভাষ্য, বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক উত্তেজনার কারণে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে। সংঘাতপূর্ণ এই সময়ে বড় ধরনের জমায়েত ও ভ্রমণ বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
‘হজ ২০২৬’ সামনে রেখে মক্কা–এ প্রবেশের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট ছাড়া শহরটিতে প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের নির্ধারিত সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে।
মার্কিন নাগরিকদের জন্য বিশেষভাবে বলা হয়েছে, হজ পালনের ক্ষেত্রে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা সংগ্রহ করতে হবে। অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে জরিমানা, আটক বা বহিষ্কারের মতো শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়া উল্লেখ করা হয়েছে, ওমরাহ ভিসায় প্রবেশের শেষ সময় ছিল ৩ এপ্রিল এবং এই ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। সংশ্লিষ্ট এই বিধিনিষেধগুলো জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: দ্য গার্ডিয়ান
যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে ইরাকে উল্লাস
পাকিস্তানে শুক্রবার শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান আলোচনা
