ফিলিস্তিনের শীর্ষ শিশু অধিকার সংস্থা বন্ধের ঘোষণা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম

দীর্ঘ ৩৫ বছর ধরে ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষায় কাজ করার পর অবশেষে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল – প্যালেস্টাইন (ডিসিআইপি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোকে পরিকল্পিতভাবে "সন্ত্রাসী" তকমা দিয়ে অপরাধীকরণের চাপের মুখে তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এক বিবৃতিতে ডিসিআইপি জানায়, "ফিলিস্তিনি শিশুরা বর্তমানে গণহত্যা, বর্ণবাদ, সামরিক দখলদারিত্ব এবং অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের চরম বাস্তবতার মধ্য দিয়ে দিনাতিপাত করছে।" তারা অভিযোগ করেছে যে, গত কয়েক বছর ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ বিভিন্ন আইনি ও সামরিক মারপ্যাঁচ ব্যবহার করে তাদের কার্যক্রমে বাধা দিয়ে আসছে, যার ফলে এখন আর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, কয়েক দশক ধরে তারা সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে তারা অন্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, "আমরা ফিলিস্তিনি শিশুদের প্রাপ্য সুন্দর ভবিষ্যতের লড়াই চালিয়ে যাওয়ার জন্য এখন বিশ্ববাসীর দিকে তাকিয়ে আছি।"

উল্লেখ্য, ২০২১ সালে ইসরায়েল ডিসিআইপি-সহ আরও কয়েকটি ফিলিস্তিনি নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থাকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছিল। তৎকালীন সময়ে আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হলেও ইসরায়েল তাদের অবস্থান থেকে সরে আসেনি। এই দীর্ঘমেয়াদি দমনপীড়নই শেষ পর্যন্ত সংস্থাটিকে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য করল। ডিসিআইপির বিদায় ফিলিস্তিনের নির্যাতিত শিশুদের অধিকার আদায়ের সংগ্রামে এক বড় শূন্যতা তৈরি করবে বলে আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত