যুক্তরাষ্ট্রের সাময়িকভাবে সমুদ্রপথে থাকা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তিনি বলেছেন 'রাশিয়ার তেলের জন্য দেওয়া প্রতিটি ডলারই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অর্থ জোগাচ্ছে।'
শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নতুন একটি ছাড়পত্র জারি করে, যার মাধ্যমে সমুদ্রে থাকা নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ অপরিশোধিত তেল সরবরাহ ও বিক্রির সুযোগ দেওয়া হয়, যা ইরান যুদ্ধজনিত তেলের দামের চাপ কমানোর উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
জেলেনস্কি বলেন, বর্তমানে রাশিয়ার তথাকথিত 'শ্যাডো ফ্লিট'-এর ১১০টির বেশি ট্যাঙ্কার সমুদ্রে অবস্থান করছে, যা ১ কোটি ২০ লাখ টনের বেশি তেল বহন করছে এবং এসব তেল নিষেধাজ্ঞা ছাড়াই বিক্রি করতে পারলে রাশিয়ার বাজেটে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার যোগ হবে।
তার দাবি, এই অর্থ সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে নতুন সামরিক হামলায় ব্যবহৃত হচ্ছে এবং যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে।
তিনি আরও বলেন, চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদের ওপর ২ হাজার ৩৬০টির বেশি আক্রমণ ড্রোন, ১ হাজার ৩২০টির বেশি নির্দেশিত বোমা এবং প্রায় ৬০টি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জেলেনস্কি জানান, এর জবাবে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং ইতোমধ্যে দুটি তেল শোধনাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে, যা রাশিয়ার তেল খাতকে ক্ষতিগ্রস্ত করার কৌশলের অংশ। সূত্র: সিএনএন
কিয়েভে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
ভারত-রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ